এইচ এম গোলাম কিবরিয়া রাকিব
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁও এলাকায় বসবাসকারী এক আইনজীবীর ব্যক্তিগত গাড়িচালক ইয়াছিন গত ২০ মে সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা যায়, ইয়াছিন দীর্ঘদিন ধরে ওই আইনজীবীর প্রাইভেটকার চালকের দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি জীবিকার তাগিদে ডিউটি শেষ হওয়ার পর নিজস্ব অটোরিকশাও চালাতেন। গত ২০ মে সন্ধ্যায় আইনজীবীর বাসার দায়িত্ব শেষ করে তিনি নিজের অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ হয়নি।
স্বজনরা জানান, বিভিন্ন আত্মীয়-স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত ইয়াছিনের কোনো সন্ধান পাওয়া যায়নি। মোবাইল ট্র্যাকিং ও লোকেশন তথ্য অনুযায়ী, তার সর্বশেষ অবস্থান রাজধানীর ফার্মগেট এলাকার পূর্ব তেজতুরী বাজার সংলগ্ন “Pacific Homes Apartment” এলাকায় শনাক্ত হয়েছে বলে জানা গেছে। এরপর থেকেই মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকে জানান, “ইয়াছিন খুব শান্ত স্বভাবের ও ভদ্র ছেলে। সর্বশেষ গত ২০ মে বুধবার দুপুর ২টা ২৭ মিনিটে তার সঙ্গে আমার কথা হয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে চালক ইয়াছিনের কোনো ধরনের সমস্যা বা আচরণগত নেতিবাচক মনোভাব ছিল না।” এ ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন এবং আইনি উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পরিবার আশঙ্কা করছে, ইয়াছিন কোনো অপহরণ, ছিনতাই বা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা। একই সঙ্গে কেউ ইয়াছিনের সন্ধান পেয়ে থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।