বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ায় রাজশাহীর বাঘা উপজেলার পাঁচজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ৭ সেপ্টেম্বর রাতে সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকায় বাংলাদেশে ফেরার পথে ভুল করে ভারতীয় সীমান্তের প্রায় আড়াই কিলোমিটার ভেতরে ঢুকে পড়লে তাদের আটক করা হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন—বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার কলেজপড়ুয়া ছেলে মোশাররফ হোসেন, ইয়ানজের ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মন্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) এবং জামাল মন্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি-মাল্লা। আটক ব্যক্তিদের মধ্যে একজন কলেজছাত্র রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তারা রাজশাহীর বিপরীত পাশে ভারতীয় সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকায় বাংলাদেশে ফিরছিলেন। রাতে নদীতে স্রোতের বিপরীতে নৌকা চালানোর সময় মাঝি-মাল্লারা ভুল করে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের সীমান্তে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ পাটবোঝাই নৌকাসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান।
ঘটনার পর পরিবারের সদস্যরা প্রথমে বাংলাদেশ সীমান্তের আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা তাদের নিয়ন্ত্রণে নেই এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে।
এদিকে আটকদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে জানানো হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, এমপি বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন বলে তাদের জানিয়েছেন। তবে আটকের পাঁচ দিন পার হলেও তারা ভারতের কোথায় আছেন, সে বিষয়ে পরিবার নিশ্চিত কোনো তথ্য পায়নি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আটকদের বাড়িতে সরেজমিনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে কান্নায় ভেঙে পড়েন তারা। স্বজনদের মধ্যে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নৌকার মাঝি আশাদুল ইসলামের মেয়ে বৈশাখী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আপনারা আমার বাবাকে এনে দেন। বাবা ছাড়া আমাদের সংসার চালানোর দ্বিতীয় কোনো মানুষ নেই। এই কয়দিন আত্মীয়-স্বজনের কাছে ধার নিয়ে সংসার চলছে। এভাবে কতদিন চলব?”
কলেজছাত্র মোশাররফের বাবা গোলাম মোস্তফা বলেন, “অভাবের সংসারে লেখাপড়ার ফাঁকে ফাঁকে ব্যবসা করে। এবার পার্টনারদের সঙ্গে পাট কেনাবেচা করছিল।”
বাবর আলীর স্ত্রী হেলেনা বলেন, “কোথায়, কেমন আছে জানতে পারলে তাতেও শান্তি পেতাম।”
আশাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে ভুল করে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় বিএসএফ পাটবোঝাই নৌকাসহ পাঁচজনকে আটক করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আটক পাঁচজনই এলাকার পরিচিত পাট ব্যবসায়ী ও নৌকার মাঝি। তাদের বিরুদ্ধে চোরাচালানের কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন স্থানীয়রা।
পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, “এরা গরিব মানুষ। ভুল করে সীমান্তে চলে গেছে। দ্রুত তাদের ফেরত আনার ব্যবস্থা করা হোক।”
আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান প্রথমে এ বিষয়ে কথা বলতে রাজি না হয়ে বিজিবি ১ নম্বর ব্যাটালিয়ন, রাজশাহীর মিডিয়া সেলে যোগাযোগ করতে বলেন। পরে তিনি জানান, বিএসএফের সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। তবে তাদের ফেরত না দিলে বিজিবির করার কিছু নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা ভুল করে ভারতের প্রায় আড়াই কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিলেন।
এ বিষয়ে বিজিবির মিডিয়া সেলে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, “পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি। তবে বিষয়টি জেনেছি। বিজিবির সঙ্গে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করব।”
আটকদের পরিবারের সদস্যরা দ্রুত সরকারি উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা পাঁচজন বর্তমানে কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য দেওয়ারও অনুরোধ করেছেন।