জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার অত্যন্ত বদ্ধপরিকর বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে জনকল্যাণের স্বার্থে সবাইকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে।
সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করাই এ সমন্বয় সভার অন্যতম লক্ষ্য। এসব কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে জনগণ তাদের প্রাপ্য সেবা ও অধিকার বুঝে পাবেন। একই সঙ্গে সরকারের প্রতি জনগণের যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলোও পূরণ হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ জনপ্রতিনিধি ও সরকারের প্রতি আস্থা হারাতে পারে।
মন্ত্রী বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে জেলার সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। জনগণের স্বপ্ন ও প্রত্যাশা বাস্তবায়নে ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-০৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-০৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-০৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
এছাড়া সভায় জেলা উন্নয়ন কমিটির সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।