ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারুকী কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠুসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের পাশাপাশি প্রিন্সিপাল কাজী ফারুকী শিক্ষা কমপ্লেক্সের সামনে একটি ‘জলছত্র’ উদ্বোধন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, সফল হতে হলে প্রযুক্তি ও বিভিন্ন ডিভাইসের ওপর আসক্তি কমাতে হবে। প্রযুক্তি শিক্ষার জন্য প্রয়োজনীয় হলেও এর অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে।
তিনি বলেন, প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর পাশাপাশি এর ব্যবহারও নিয়ন্ত্রণ করতে হবে। সময়ের সঠিক ব্যবহার শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৭০০ শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।