পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রায় এক মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি শূন্য রয়েছে। এর মধ্যে সোমবার (১০ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইউএনওর দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।
এস. এম. আকাশ (পরিচিতি নম্বর-১৯২৮৩) ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ৩৬তম বিসিএসের কর্মকর্তা আফরোজ শাহিন ২০২৫ সালের ২ মার্চ তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনের পর হঠাৎ বদলির আদেশ পেয়ে তিনি গত ৬ জুলাই পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার কাছে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে চলে যান।
এরপর ৬ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য রয়েছে।
সূত্র জানায়, এরই মধ্যে একজন কর্মকর্তাকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলেও বিভিন্ন কারণে তিনি এখনো যোগদান করেননি। কেউ বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নেওয়ার পরও যোগদান করেননি, আবার কেউ অন্যত্র পদায়ন নিয়েছেন বলে জানা গেছে।
তেঁতুলিয়া উপজেলা পরিষদের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “একটি পরিবারে বাবা না থাকলে যেমন সবাই অসহায় বোধ করে, তেমনি ইউএনও না থাকায় উপজেলা প্রশাসনেও সেই শূন্যতা অনুভূত হচ্ছে।”
এদিকে ভারপ্রাপ্ত ইউএনওকে আর্থিক (ফাইন্যান্সিয়াল) ক্ষমতা প্রদান না করায় বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ বিল-ভাউচার ও প্রশাসনিক ফাইল নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে অনেক ফাইল দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কিছু কর্মকর্তা-কর্মচারীর অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগও উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, “একজন কর্মকর্তাকে পদায়ন দেওয়া হয়েছে। তিনি তাঁর বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়েছেন, তবে এখনও তেঁতুলিয়ায় যোগদান করেননি। আজই এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি নোট পাঠাব।”
তিনি আরও বলেন, প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে দ্রুত একজন পূর্ণাঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তেঁতুলিয়ায় যোগদানের ব্যবস্থা করা হবে।
তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ দীর্ঘদিন শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা নিরসনে দ্রুত পূর্ণাঙ্গ ইউএনও পদায়ন ও যোগদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।