নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে মাছ বিক্রি করতে গিয়ে মোহাম্মদ সম্পদ (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের ঘটনায় তার বাবা জামসেদ উদ্দিন হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, গত ১৯ জুন ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে মাছ বিক্রি করার জন্য বাড়ি থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে বের হয় মোহাম্মদ সম্পদ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ মোহাম্মদ সম্পদ হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজের হাওলা গ্রামের বাসিন্দা। তার বাবা জামসেদ উদ্দিন এবং মা শারমিন বেগম।
জিডিতে কিশোরটির শারীরিক বর্ণনা হিসেবে উল্লেখ করা হয়েছে, তার উচ্চতা প্রায় ৪ ফুট ২ ইঞ্চি। গায়ের রং শ্যামলা এবং মাথার চুল ছোট।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, নিখোঁজের বিষয়ে ২৭ জুন ২০২৬ হাতিয়া থানায় জিডি নম্বর-১২৭৪ করা হয়। জিডির ট্র্যাকিং নম্বর 65M217। নিখোঁজ কিশোরের সন্ধান ও ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানার এসআই (নিরস্ত্র) মো. আবদুস সালামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
নিখোঁজ কিশোরের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।