নিজস্ব প্রতিবেদক
ফেনীর ফুলগাজীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার অভিযুক্ত মসজিদের মুয়াজ্জিন মো. হাসান (২২)-কে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর অভিযুক্ত আত্মগোপনে চলে যান। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ফেনী শহরের ফলেশ্বর এলাকার একটি বাড়িতে অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালায় ফুলগাজী থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে তাকে আটক করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযোগ অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) যোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময়ে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বকশিবাজার এলাকার একটি মসজিদের কক্ষে পাঁচ বছর বয়সী এক শিশুকে নিয়ে বলাৎকার করা হয়। কিছু সময় পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা, মেডিকেল পরীক্ষা এবং প্রয়োজনীয় আলামত সংরক্ষণের জন্য শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ ও মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফুলগাজীসহ জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।