হামিদুল হক, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের আয়োজন। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশের এক মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আশরাফ-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নিজাম উদ্দিন এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী গোলাম সারওয়ার মিশু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
”শিশুদের মেধা ও মনন বিকাশে এবং তাদের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
— মেলা কমিটির আয়োজকবৃন্দ
প্রতিযোগিতায় সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মূল খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি ও আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।