পটুয়ালীর কুয়াকাটায় দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা উৎসব শেষ হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আনুষ্ঠানিকতা। তবে প্রতি বছর লক্ষাধিক পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটলেও এবার উপস্থিতি ছিল তুলনামূলক কম। এতে সৈকতসংলগ্ন মেলা ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আশানুরূপ বেচাকেনা না হওয়ায় হতাশ হয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার গঙ্গাবরণ বা মঙ্গলঘট পূর্ণকরণের মধ্য দিয়ে শুরু হয় রাসপূজার আনুষ্ঠানিকতা। বিকেল সাড়ে পাঁচটায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট-সংলগ্ন সমুদ্রে তেল, সিঁদুর, ফুল, তুলসী, বেলপাতা ও ধূপ-দীপ দিয়ে পূজার্চনা করা হয়। পরে সমুদ্রের জল দিয়ে মঙ্গলঘট পূর্ণ করে তা সৈকতসংলগ্ন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে স্থাপন করা হয়। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা।
উৎসব উপলক্ষে রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রে গঙ্গাস্নান বা পুণ্যস্নানে অংশ নেন পুণ্যার্থীরা। এর মধ্য দিয়েই শেষ হয় দুই দিনের ধর্মীয় আয়োজন।
প্রতি বছর রাসলীলা ও রাসপূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক, দর্শনার্থী ও পুণ্যার্থীর আগমন ঘটে। এ উপলক্ষে সৈকতজুড়ে বসে বিভিন্ন পণ্যের মেলা ও অস্থায়ী দোকানপাট। স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা থাকে, উৎসবকে ঘিরে বাড়তি বেচাকেনার মাধ্যমে বছরের অন্যতম ভালো ব্যবসায়িক সময় পার করবেন তাঁরা। কিন্তু এবার পর্যটক ও দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকায় সেই প্রত্যাশা পূরণ হয়নি। মেলা ও স্থায়ী দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি কম থাকায় ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, উৎসবে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকত ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়। এ সময় তিন শতাধিক পুলিশ সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও মিলনকে কেন্দ্র করেই রাস উৎসবের প্রচলন। সেই ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যকে ধারণ করে প্রায় দুই শত বছর ধরে কুয়াকাটায় উদযাপিত হয়ে আসছে রাসলীলা ও রাসপূর্ণিমা উৎসব। প্রতিবছর এ উৎসব শুধু ধর্মীয় তাৎপর্যই বহন করে না, বরং কুয়াকাটার পর্যটন, স্থানীয় অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত।