সেনবাগ উপজেলা,প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক এবং জাতীয় নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া। দলের কেন্দ্রীয় পদসহ সব ধরনের দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
ফেসবুক পোস্টে পদত্যাগের পেছনের কারণগুলো বিস্তারিত তুলে ধরে সুলতান মোহাম্মদ জাকারিয়া দলের অভ্যন্তরীণ পরিবেশ, শৃঙ্খলাজনিত অভিযোগে নির্লিপ্ততা এবং স্থানীয় পর্যায়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন।
নিজেকে সরাসরি রাজনীতির মানুষ নয় উল্লেখ করে জাকারিয়া বলেন, জুলাই-পূর্ব দুঃসময়ে বাংলাদেশের পক্ষে কাজ করার পর নতুন রাজনৈতিক বাস্তবতায় তরুণদের গণতান্ত্রিক রাজনীতি সংগঠিত করতে সহায়তার লক্ষ্যে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন। প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদ সদস্য, বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য এবং নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।
এনসিপির ২৪ দফা রাজনৈতিক ম্যানিফেস্টোসহ বিভিন্ন সাংগঠনিক দলিল প্রণয়নে ভূমিকা রাখার কথা তুলে ধরে তিনি বলেন, দলের ভেতর অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার চেষ্টা করলেও প্রাতিষ্ঠানিকীকরণে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় হতাশা তৈরি হয়েছিল। তরুণ নেতৃত্ব সময়ের সাথে শিখবে—এই বিশ্বাসে এতদিন ধৈর্য ধরেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র ফেইসবুক আইডি