মো:রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় আব্দুর রহমান তাহসিন নামে ছয় বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় শিশুটির সামনের দাঁতগুলো ভেঙে গেছে। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দোয়াজি পাড়া জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুর রহমান তাহসিন ওই এলাকার তাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গ্রামীণ সড়ক পার হচ্ছিল শিশু আব্দুর রহমান। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি সড়কে ছিটকে পড়ে গেলে অটোরিকশার চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে আসতে দেখে অটোরিকশাচালক গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুর্ঘটনায় শিশুটি উপুড় হয়ে পড়ে যাওয়ায় তার সামনের দাঁতগুলো ভেঙে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে, গ্রামীণ সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। বিশেষ করে আবাসিক এলাকা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে অনেক চালক দ্রুতগতিতে যানবাহন চালান। এতে পথচারী, বিশেষ করে শিশু ও বয়স্করা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন। স্থানীয়দের মতে, অটোরিকশার অনিয়ন্ত্রিত গতি ও চালকদের অসতর্কতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠছে। এ ধরনের দুর্ঘটনা রোধে গ্রামীণ সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।