জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সক্রিয় সদস্য কবিরুল ইসলাম কাজল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ আট দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত রাতে তিনি না ফেরার দেশে চলে গেছেন।
সম্প্রতি গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রাম শেষে দেবিগঞ্জ থেকে খামারপাড়া নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার খয়েরবাগান এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রাতে আনুমানিক ১:০০ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এতিম শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার এই অকাল মৃত্যুতে শালডাঙ্গা ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও এতিম শিশু সন্তানের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দানের প্রার্থনা করা হয়।