চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছয় দফা দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শুরু হওয়া অবরোধে বন্ধ হয়ে যায় মহাসড়কের চট্টগ্রাম অংশে যান চলাচল। একপর্যায়ে রেলপথ অবরোধ করায় বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচলও। এতে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ হাজারো মানুষ।
অবরোধ চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় মহাসড়কের চট্টগ্রাম অংশে নিহত শিক্ষার্থী মাইশা মুশফিরাতের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মাসুদ আলম শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। পরে তাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—নিহত মাইশার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা করা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে লরির চালক ও মালিককে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ করা, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কের উভয় পাশে ফুটওভারব্রিজ নির্মাণ, নিহত শিক্ষার্থীর পরিবারকে লরির মালিকপক্ষের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে ক্যাম্পাস এলাকায় নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কেডিএস ডিপো কর্তৃপক্ষ মহাসড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করে আসছে। এতে সড়কে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
তাদের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন শিক্ষার্থী। এ সময় যাত্রী ওঠানোর জন্য ধীরগতিতে চলা চট্টগ্রামমুখী ৮ নম্বর রুটের একটি লোকাল বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ভারী লরি।
ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে বাসের নিচে চাপা পড়ে মাইশাসহ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইশা মুশফিরাতকে মৃত ঘোষণা করেন।
নিহত মাইশা মুশফিরাত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকায়। তিনি সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে। মাইশা মীরসরাই লতিফিয়া কামিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল নুরুন্নবী ফারুকীর নাতনী।
এ ঘটনায় আহত শিক্ষার্থী রাজিয়া সুলতানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
মাইশার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং ক্যাম্পাস এলাকায় নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলনে নামেন।
প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার হলেও শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়ন নিয়ে এখনো রয়েছে উদ্বেগ। শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আর কোনো মায়ের বুক খালি হওয়ার আগেই ক্যাম্পাস এলাকার সড়ক নিরাপদ করবে।