দেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের অংশীদারিত্ব প্রয়োজন’
‘বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানের হাতেই নিরাপদ ও সুরক্ষিত’—এমন বক্তব্য এবং ‘দেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের অংশীদারিত্ব প্রয়োজন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উত্তরবঙ্গীয় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় পাবনা জেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজশাহী বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সামাদ খান এবং জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শহীদ বাবুল, নজরুল ইসলাম ও তরঙ্গ আনোয়ার। এ ছাড়া জাতীয়তাবাদী প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. ইব্রাহিম মন্টিসহ পাবনা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম শুভ।
প্রধান অতিথির বক্তব্যে ইশতিয়াক আজিজ উলফাত বলেন, “১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে দেশ ও জাতির কল্যাণে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী কোনো কর্মকাণ্ডে জামায়াতে ইসলামীকে দেখতে চান না তাঁরা। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পরিচালনা করবে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন।
সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শত শত বীর মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী প্রজন্ম দলের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।