জয়পুরহাটের ক্ষেতলালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক সন্তানের জননী। বৃহস্পতিবার রাত ১০টা থেকে উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ি পূর্বপাড়া গ্রামের সিয়ামের বাড়িতে অবস্থান করছেন সাবিনা ইয়াসমিন নামের ওই নারী।
সাবিনা ইয়াসমিনের দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিয়াম তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে সিয়াম তাঁর বাড়িতে আসা-যাওয়া করতেন। পরে বিয়ের আশ্বাস দিলেও এখন অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়ায় তিনি সিয়ামের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, সাবিনা সিয়ামের বাড়িতে অবস্থান নেওয়ার পর সিয়াম ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন। শুক্রবার সকাল থেকে বাড়িটির সামনে তাঁকে অবস্থান করতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন সেখানে ভিড় করেন।
বিয়ের দাবিতে অবস্থান নেওয়া সাবিনা ইয়াসমিন মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। তাঁর চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
সাবিনা ইয়াসমিন বলেন, ‘বিয়ের আশ্বাস দিয়ে সিয়াম আমার সঙ্গে সম্পর্ক করেছে। একপর্যায়ে সে আমার ঘরেও আসা-যাওয়া করত। একদিন প্রতিবেশী ভুট্টুম তাকে ঘরে দেখে ফেলেন। তখন সিয়াম আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। এরপরও সে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক বজায় রাখে।’
তিনি আরও বলেন, ‘হঠাৎ জানতে পারি, সিয়াম অন্য একটি মেয়েকে বিয়ে করতে ধাওয়াপাড়া কাপাসটিকরি গ্রামের প্রবাসী সদরুল আলমের মেয়ের বাড়িতে গেছে। এ খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমি সিয়ামের বাড়িতে এসে অবস্থান নিয়েছি। সিয়াম না আসা পর্যন্ত এখান থেকে যাব না।’
সাবিনা আরও বলেন, তাঁকে বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম হিন্দা এলাকার আব্দুল মোতালেবের ছেলে। তিনি মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ি গ্রামে তাঁর নানা মরহুম মোজা ব্যাপারীর বাড়িতে বসবাস করেন। প্রতিবেশীদের দাবি, পরিচয়ের পর তাঁদের মধ্যে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।
এদিকে সাবিনা ইয়াসমিনের অভিযোগের বিষয়ে সিয়ামের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় বিএনপি নেতা সাকিলুর রহমান তালুকদার বলেন, বিষয়টি নিয়ে থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হচ্ছে না।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্থানীয়ভাবে সমাধান না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’