চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী ‘মুকবুল-২’ লঞ্চে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ‘মুকবুল-২’ লঞ্চটি ষাটনল ঘাটে ভিড়ে যাত্রী নামাচ্ছিল। ওই যুবক লঞ্চ থেকে নামার পর বুঝতে পারেন, তার ব্যাগটি লঞ্চের ভেতরে রয়ে গেছে। পরে তিনি আবার লঞ্চে উঠে ব্যাগটি নিয়ে আসেন।
এরপর লঞ্চটি পেছনের দিকে চলতে শুরু করলে তাড়াহুড়ো করে ঘাটে নামার সময় ওই যুবক লাফ দেন। এ সময় তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।
দুর্ঘটনার পর ‘মুকবুল-২’ লঞ্চটি ঘটনাস্থল থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি ও এর দুই স্টাফকে আটক করেন।
খবর পেয়ে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নদীতে তল্লাশি শুরু করেন।
পরবর্তীতে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ জানান, চারজন ডুবুরি নিয়ে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। নদীতে স্রোত বেশি থাকায় ঘটনাস্থলে নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া না গেলে ভাটির দিকেও তল্লাশি চালানো হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সার্বিক তদারকি অব্যাহত রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের পরিচয় জানা যায়নি এবং তার সন্ধানে উদ্ধার অভিযান চলছিল।