চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশরাফপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাজীর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো’
১. মিজানের মুদি দোকান
২. আমির হোসেনের চায়ের দোকান
৩. জয়নাল হোসেনের মুদি দোকান
৪. বাবুলের মুদি দোকান
৫. আবুল বাসারের ফার্নিচারের দোকান
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাক-চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও তারা পৌঁছানোর আগেই দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন আসন্ন আশরাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম আবু ফয়েজ, কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট মো. রইস উদ্দিন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও ঘটনাস্থল আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পরিদর্শন করেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ ও আশরাফপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হোসাইন ইমাম মুন্সী। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে এর সঠিক কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।