ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি অবৈধ দখলমুক্ত এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এ অভিযান শুরু হয়। ভাঙ্গা-ফরিদপুর (গোয়ালচামট) সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা হয়ে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এনডিসি শাকিব রহমান আকাশের নেতৃত্বে এবং ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সমন্বয়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সওজের সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়। হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় অবৈধভাবে দখল করা জায়গা দখলমুক্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সরকারি জমিতে অবৈধ দখল এবং হাসপাতাল এলাকায় অস্থায়ী দোকানপাট গড়ে ওঠায় রোগী, রোগীর স্বজন ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সড়কসংলগ্ন এলাকায় এসব অবৈধ স্থাপনার কারণে যান চলাচল ও পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছিল।
উচ্ছেদ অভিযানের ফলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় মানুষের চলাচল সহজ হবে এবং পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। স্থানীয়রা সরকারি জায়গা দখলমুক্ত রাখার পাশাপাশি উচ্ছেদ করা স্থানগুলোতে যাতে পুনরায় অবৈধ স্থাপনা ও দোকানপাট গড়ে উঠতে না পারে, সে জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি কামনা করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদ করা জায়গাগুলোতে পুনরায় অবৈধ দখল ঠেকাতে নিয়মিত মনিটরিং করা হবে। কেউ পুনরায় সরকারি জায়গা দখল বা অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ লেখা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান ছিল।