বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বাস বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে দুর্ঘটনায় একটি পা হারানো এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মাহফুজকে কৃত্রিম পা উপহার দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। পাশাপাশি তার উচ্চশিক্ষার ব্যয়ভার বহনেরও আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল বাস দুটি হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে বাসের চাবি তুলে দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষার পরিবেশ আরও সহজ ও সুন্দর করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
বাস বিতরণ অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থী মাহফুজের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় দুর্ঘটনায় একটি পা হারায় মাহফুজ। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে গিয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সে।
মাহফুজের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন প্রতিমন্ত্রী। তার শারীরিক কষ্টের বিষয়টি জানতে পেরে নিজের তহবিল থেকে একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেন তিনি। একই সঙ্গে মাহফুজের ভবিষ্যৎ পড়াশোনার সব খরচ বহনের দায়িত্ব নেওয়ার কথাও জানান।
প্রতিমন্ত্রীর এমন মানবিক উদ্যোগে মাহফুজ ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।