মানিকগঞ্জ শহরে টয়লেটের পাশে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে দুই মিষ্টি ও বেকারি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশনারা বেগম।
অভিযানকালে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সুইট হ্যাভেনের কারখানায় টয়লেটের পাশেই অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির চিত্র পাওয়া যায়। এ ছাড়া ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার এবং স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যপণ্য তৈরির মতো অনিয়মও ধরা পড়ে। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মদিনা গ্র্যান্ড সুইটস অ্যান্ড বেকারিতে খাদ্যপণ্য সংরক্ষণে অনিয়মসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। অভিযানে একই ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে মিষ্টি ও অন্যান্য খাদ্যপণ্য সংরক্ষণের বিষয়ও উঠে আসে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনিয়মের কারণে প্রতিষ্ঠান দুটিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানান।