• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

পাওনা টাকা চাইতে গিয়ে ভাঙারি ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে পা ভাঙার অভিযোগ

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় পাওনা এক লাখ টাকা চাইতে গিয়ে মোঃ রিপন মিয়া (৩৪) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে। এতে তার ডান পায়ের গোড়ালিতে গুরুতর হাড়ভাঙা জখম এবং ডান বাহুতে রক্তজমাট জখম হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কাপাসিয়া থানাধীন টোক এলাকার কানার মোড়ে একটি ভাঙারির দোকানে।
এ ঘটনায় আহত রিপন মিয়ার স্ত্রী শাহানাজ (২৬) কাপাসিয়া থানায় আল আমিন (৩০), নজরুল (৪০), ফারুক (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত রিপন মিয়া বিভিন্ন স্থান থেকে ভাঙারি পণ্য সংগ্রহ করে আল আমিনের কাছে বিক্রি করতেন। ব্যবসায়িক সম্পর্কের সুবাদে প্রায় চার মাস আগে আল আমিন রিপনের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। অভিযোগ অনুযায়ী, ওই টাকা ফেরত না দিয়ে রিপনের বিক্রি করা ভাঙারি পণ্যের মূল্য থেকেও টাকা কেটে রাখতেন আল আমিন। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়।
এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট সন্ধ্যায় পাওনা টাকা চাইতে রিপন মিয়া আল আমিনের ভাঙারির দোকানে গেলে সেখানে আল আমিন, নজরুল ও ফারুকসহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে দোকানের ভেতরে আটক করে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহতের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে তার শ্বশুর স্থানীয়দের সহায়তায় রিপন মিয়াকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতের স্ত্রী শাহানাজ জানান, স্বামীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানোর পাশাপাশি চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা