লক্ষ্মীপুরের রামগঞ্জে অবস্থিত সদর দপ্তর লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে ব্যাটালিয়ন সদর দপ্তরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের রেঞ্জ পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোঃ জিয়াউর রহমান। উপ-অধিনায়ক উপ-পরিচালক মোহাম্মদ আজিজুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের জেলা কমান্ড্যান্ট নোয়াখালী, জেলা কমান্ড্যান্ট চাঁদপুর, জেলা কমান্ড্যান্ট লক্ষ্মীপুর, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহনেওয়াজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
সকালে প্রধান অতিথি রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ব্যাটালিয়নের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। র্যালিটি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় রেঞ্জ পরিচালক ব্যাটালিয়নের সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ‘দরবার’ পরিচালনা করেন। এ সময় বাহিনীর শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এরপর ইউনিটের অবসরপ্রাপ্ত সদস্যদের উপস্থিতিতে আবেগঘন স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ শেষে কেক কাটার মধ্য দিয়ে লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টায় ব্যাটালিয়নের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়।