• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরি, দিশেহারা সিয়াম পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিয়ে গুজিয়া কনফিডেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে সুধীজন-গণমাধ্যমের মতবিনিময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম আসাদ সবুজের ঘটনায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় বরগুনা বিএমএসএফ শাখা স্থগিত স্কুলে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কুলসুমের নির্মাণকাজে হামলা-ভাঙচুর, পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

ফুলগাজীতে সাবেক পিআইও কর্মচারীর বাসা থেকে সরকারি ত্রাণ উদ্ধার, মামলার প্রস্তুতি

মোঃ জসিম উদ্দিন ফুলগাজী প্রতিনিধি; / ৬১ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ফেনীর ফুলগাজী উপজেলায় সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারী আবদুল বাকের হোসেনের ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১০ বস্তা ত্রাণসামগ্রী ও তিন বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল, ৩০ প্যাকেট হলুদের গুঁড়া, ৩২ প্যাকেট মরিচের গুঁড়া এবং ৩১ প্যাকেট ধনিয়ার গুঁড়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব্দ করা ত্রাণসামগ্রীর প্যাকেটগুলোতে ‘২০২৪-২৫ অর্থবছর’ উল্লেখ রয়েছে। এসব খাদ্যসামগ্রী দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারি বরাদ্দের অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবদুল বাকের হোসেন গত বছরের ১০ জুলাই ফুলগাজী উপজেলায় অফিস সহকারী (কাম-কম্পিউটার অপারেটর) হিসেবে যোগদান করেন। চলতি বছরের ২২ জুলাই তাকে নোয়াখালীর সন্দ্বীপ উপজেলায় বদলি করা হলেও তিনি ফুলগাজীর ভাড়া বাসাটি রেখে দেন। স্থানীয়দের দাবি, তার সন্তানদের পড়াশোনার সুবিধার্থেই বাসাটি বজায় রাখা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, ২০২৫ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ হওয়া ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে ওই বাসায় মজুত রাখা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে প্রশাসন অভিযান পরিচালনা করে মালামাল উদ্ধার করে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবদুল বাকের হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাজীব আহমেদ বলেন, আবদুল বাকের বর্তমানে সন্দ্বীপ উপজেলায় কর্মরত। সন্তানদের পড়ালেখার কারণে তিনি বদলির পরও ফুলগাজীর বাসা ছাড়েননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, উদ্ধার হওয়া মালামাল থানা হেফাজতে রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা বা লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালের প্যাকেটে থাকা তথ্য অনুযায়ী এগুলো ২০২৪-২৫ অর্থবছরের সরকারি ত্রাণসামগ্রী। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরকারি ত্রাণসামগ্রী কীভাবে একজন কর্মচারীর ব্যক্তিগত ভাড়া বাসায় সংরক্ষিত ছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রশাসনের তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা