ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে মোটর পাম্প চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে রবিবার (১৭ মে )রাতে এলাকাবাসী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাইকেরছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গছিডাঙ্গা এলাকার বাসিন্দা মোঃ নজির হোসেন (সাবেক চেয়ারম্যান) তার বসতবাড়ি থেকে দুটি মোটর পাম্প চুরি হওয়ার অভিযোগ করেন। তার দাবি, গত ৮ মে রাত ১১টা থেকে ৯ মে ভোর ৫টার মধ্যে দুর্বৃত্তরা বাড়ির আঙিনা ও ঘরের পাশ থেকে মোটর পাম্প দুটি চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে গত ১৫ মে সন্ধ্যায় একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে জানানো হয়, তার মোটর পাম্প চুরির সঙ্গে জড়িত চারজনের নাম একটি চিঠিতে লেখা রয়েছে এবং সেটি বাড়ির সামনে একটি নারিকেল গাছের নিচে সিগারেটের প্যাকেটের ভেতরে রাখা আছে। পরে নজির হোসেন ও তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে চারজনের নাম লেখা একটি চিঠি উদ্ধার করেন বলে জানান।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট মোবাইল নম্বরের ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে এলাকাবাসী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরির ঘটনা বেড়েই চলেছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাউকে আটকের বিষয়টি আমি এখনো অবগত নই ।অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।