মহসিনঃশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার মহাস্থানগড় এ ঐতিহ্যবাহী ‘শেষ বৈশাখী’ মেলা উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত এই শতবর্ষী মেলাকে ঘিরে লাখো মানুষের সমাগম ঘটে। মেলা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মেলা ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৫০০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা মেলা প্রাঙ্গণ ও মাজার এলাকায় দায়িত্ব পালন করেন। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয় সিসিটিভি ক্যামেরা এবং মহাস্থানের দুধপাথর এলাকায় স্থাপন করা হয় পুলিশের ওয়াচ টাওয়ার। এছাড়া মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে সক্রিয় ছিল।
মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সাধু, সন্ন্যাসী, বাউল ও দর্শনার্থীর সমাগম ঘটে। মাজারের উত্তরপাশের পাথরপট্টি এলাকা ও বৈরাগী ভিটায় দিনভর চলে উৎসবের আমেজ। লালসালু পরিহিত সাধু-সন্ন্যাসীরা একতারা ও দোতরা বাজিয়ে আধ্যাত্মিক গান, জিকির ও সাধুসঙ্গ পরিবেশন করেন। স্থানীয়দের বাড়িতে আত্মীয়-স্বজন ও মেয়ে-জামাইদের আগমনে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আবহ।
ঐতিহাসিকভাবে হযরত শাহ সুলতান বলখী (র.) মাজার সংলগ্ন এলাকায় এই মেলা শত শত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। বৈশাখের শেষ বৃহস্পতিবারে আয়োজন হওয়ায় একে বিদায়ী বৈশাখী মেলা” নামেও ডাকা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, মহাস্থানগড়ে বৈশাখী উৎসবে লাখো মানুষ অংশ নেন। তাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব ও ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। কোনোভাবেই মাদক সেবন বা বিক্রি করতে দেওয়া হবে না।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান বলেন, মহাস্থানগড় একটি পুণ্যভূমি। এর পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব। গাঁজা, ইয়াবা, হেরোইন ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
এদিকে মহাস্থান মাজার মসজিদ কমিটির সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এএইচ এম রবিউল করিম বলেন, বাহির থেকে আগত দর্শনার্থীরা আমাদের অতিথি। তাদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবক ও মাজার কমিটির সদস্যরা সার্বক্ষণিক সজাগ রয়েছেন।