মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা শরীরকে সতেজ রাখে, পেশীকে শক্তিশালী করে এবং মানসিক চাপ কমিয়ে কর্মক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করে। বিশেষ করে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলা অন্যতম কার্যকর মাধ্যম। এছাড়া যুবসমাজের মধ্যে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও দেশাত্মবোধ গড়ে তুলতেও খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া টিভির স্টাফ রিপোর্টার মশিউর রহমান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরান হোসেন, বদরুজ্জামান ও সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রামচন্দ্রনপুর ফুটবল দলকে ৫-৪ গোলে পরাজিত করে মাটিয়াডাঙ্গা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৪ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন রেফারি কনক মাঝি। তাকে সহযোগিতা করেন রনি ও মোখলেছর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরিফুল ইসলাম।