“রুপালি মৎস্য স্বনির্ভর, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের মানুষের ইলিশের চাহিদা পূরণ করতে পারলে সেটি বড় সাফল্য হবে। এ সময় তিনি মাছের ‘ঢলন প্রথা’ বাতিলের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
এমপি আবু সাঈদ চাঁদ বলেন, তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন। দুর্নীতি বন্ধ করতে পারলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড সবাই পাবে। জুলাই সনদ বাস্তবায়ন না করার কোনো সুযোগ নেই। বিরোধী দল অহেতুক মিথ্যাচারের মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক। বক্তব্য দেন বাঘা থানার ওসি সেরাজুল, মৎস্যজীবী আব্দুর রাজ্জাক ও আব্দুস সামাদ।
উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমদ সালাম, শফিকুল ইসলাম শফি, আফাজ উদ্দিনসহ মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদ রক্ষা, মাছের পোনা অবমুক্তকরণ এবং নিরাপদ মৎস্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা মৎস্য দপ্তর ও জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।