মো:রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে চট্টগ্রামের সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে ভালো ফলাফল ও কৃতিত্বের পরিচয় দেওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী এফসিএ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন ও সালেহ আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার মধ্য দিয়েই দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, তাদের মধ্যে মানবিকতা, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চাও থাকতে হবে। আগামী দিনের নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পরিবেশ ও সুযোগ-সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সীতাকুণ্ডের শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিদ্যালয় ও অভিভাবকদের জন্যও আনন্দের বিষয়। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলাবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব কার্যক্রম তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের সংবর্ধিত করা হয়।