জাহিদুল ইসলাম খন্দকার,মাদারীপুর (কালকিনি):
মাদারীপুরের কালকিনি উপজেলায় নদীভাঙন রোধ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দিনব্যাপী পরিচালিত এ অভিযানে অবৈধ ড্রেজার মেশিনসহ প্রায় ৬ হাজার ফুট পাইপ জব্দ করে তা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার আলিনগর ইউনিয়নের স্বস্থাল এবং পূর্ব এনায়েতনগর ইউনিয়নের চর আলিপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে আইন অমান্য করে বিভিন্ন নদ-নদী ও জলাশয় থেকে অবৈধ ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি স্থানীয় বসতি ও ফসলি জমি বিলীন হওয়ার উপক্রম হয়েছিল। এছাড়া হুমকির মুখে পড়েছিল এলাকার প্রাকৃতিক পরিবেশ। স্থানীয়দের এমন সুনির্দিষ্ট অভিযোগ ও ক্ষোভের পরিপ্রেক্ষিতে এই তাত্ক্ষণিক অভিযান পরিচালনা করে প্রশাসন।
অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং বালু পরিবহনের কাজে ব্যবহূত প্রায় ৬ হাজার ফুট পাইপ ঘটনাস্থলেই ভেঙে গুঁড়িয়ে দিয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস গণমাধ্যমকে বলেন, “নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। কোনোভাবেই এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। জনস্বার্থ রক্ষার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও নদীপারের সাধারণ মানুষ। তারা আশা করছেন, এই অভিযানের ফলে অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং এলাকার প্রকৃতি ও পরিবেশ মারাত্মক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে।