মো: রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুসফিরাতের মর্মান্তিক মৃত্যুর পর অবশেষে দুর্ঘটনাস্থলে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় পরিচালিত অভিযানে বিআরটিএসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে রুট পারমিট, ফিটনেস ও ট্যাক্স টোকেনবিহীন যানবাহন চলাচল, বেপরোয়া গাড়ি চালানো এবং যত্রতত্র পার্কিংয়ের দায়ে ১৫টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন টোটাল গ্যাস, কেডিএসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের যানবাহন চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। ট্রাফিক আইন মেনে চলা এবং সুশৃঙ্খলভাবে গাড়ি পার্কিংয়ের বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুসফিরাত নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই শিক্ষার্থী। মর্মান্তিক এ দুর্ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও প্রতিবাদের মুখে দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয়দের প্রত্যাশা, স্পিড ব্রেকার নির্মাণের পাশাপাশি মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে।
উল্লেখ্য, বুধবারের অভিযানে ১৫টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হলেও কোনো যানবাহন ডাম্পিং কিংবা কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।