“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ (সিজন-২)-এর সাকোয়া ইউনিয়ন পর্যায়ের বাছাই কার্যক্রমের প্রথম দিনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনের প্রথম দিনের সাকোয়া ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদীয়মান তরুণ ও শিশু ক্রীড়াবিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাকোয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় জননেতা জনাব মোঃ মোজাফর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করার পাশাপাশি ভবিষ্যতে আত্মনির্ভরশীল ও দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার বড় হাতিয়ার। সরকার ও স্থানীয় পর্যায়ের যৌথ প্রয়াসে তৃণমূলের প্রতিটি প্রান্ত থেকে এই ধরনের প্রতিযোগিতা প্রতিভাবান খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে তুলে আনতে ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাকোয়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এলাকার সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সাকোয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থেকে আয়োজনের সফলতা কামনা করেন।
উপস্থিত ব্যক্তিবর্গ সরকারের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে জানান, তৃণমূল থেকে সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া হলে সাকোয়া ইউনিয়ন তথা বাংলাদেশ ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের অনেক ক্রীড়াবিদ উপহার পাবে।