মো:রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ। চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ পাস করা ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এ প্রতিষ্ঠান।
প্যাসিফিক জিন্স গ্রুপের ফাউন্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানটির এমন সাফল্যে আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে মোট ১৩৪ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। এ গ্রেড পেয়েছে ৪০ জন এবং এ মাইনাস পেয়েছে একজন।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিনজন। এ গ্রেড পেয়েছে ৩৬ জন, এ মাইনাস পেয়েছে নয়জন, বি গ্রেড পেয়েছে দুজন এবং সি গ্রেড পেয়েছে একজন।
অন্যদিকে মানবিক বিভাগে ৩২ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এ গ্রেড পেয়েছে ২২ জন, এ মাইনাস পেয়েছে নয়জন এবং বি গ্রেড পেয়েছে একজন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার মান বজায় রাখা, নিয়মশৃঙ্খলা ও মানসম্মত পাঠদানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই শতভাগ পাসসহ ভালো ফলাফলের ধারাবাহিকতা রয়েছে। এবারও ভালো ফলাফলের লক্ষ্য নিয়ে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করেছেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলে এ সাফল্য অর্জিত হয়েছে।
স্থানীয় অভিভাবক নাসির উদ্দিন বলেন, প্যাসিফিক জিন্স গ্রুপের সার্বিক তত্ত্বাবধান ও অর্থায়নে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এখানে পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিকতা ও ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফল করছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা অন্য পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ, কোয়ান্টাম কসমো কলেজ, রায় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং লিডসি স্কুল অ্যান্ড কলেজ।
বারবকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্যে গর্বিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সীতাকুণ্ডের সুনাম আরও বাড়াবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।