শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে লালমনিরহাটের আদিতমারীতে কঠোর ও নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পূজা মণ্ডপগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে।
প্রশাসন সূত্র জানায়, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে উপজেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে মাঠে নেমেছে। আদিতমারী উপজেলার প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশের পাশাপাশি কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে পুলিশের টহল টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।
আদিতমারী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজা বেগম জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সবকটি পূজা মণ্ডপে নিয়মিত তদারকি চালানো হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।