নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় স্বামীকে মারধর করে আটকে রেখে এক গৃহবধূকে (২১) অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।
সোমবার (৪ মে ২০২৬) ভোরে উপজেলার কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় স্বামীকে মারধর করে আটকে রেখে জোরপূর্বক গৃহবধূকে তুলে নিয়ে যায় তারা।
অভিযোগ রয়েছে, রাতভর ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ভোরে স্বামী স্ত্রীকে ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভুক্তভোগীর স্বামী আত্মীয়-স্বজনদের জানিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
চান্দিনা থানা-অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নির্দেশনায় এএসআই লক্ষণ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪), মো. ইসমাইল (৩৭) এবং মো. আশিক (৩১)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।