ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে তিতাস নদী ভরাটের দায়ে আহমেদ গার্ডেন সিটির মালিক ফরিদ মিয়াকে দেওয়া ১৫ দিনের আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ার দিন নদীর পাড় থেকে অবৈধভাবে ফেলা বালু অপসারণ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভেকু (এক্সকাভেটর) দিয়ে বালু সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়।
এর আগে গত ৬ সেপ্টেম্বর নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিতাস নদী অবৈধভাবে ভরাটের অপরাধে আহমেদ গার্ডেন সিটির মালিক ফরিদ মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে নদী ভরাটে ব্যবহৃত বালু অপসারণের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে বালু অপসারণ করা না হলে তা সরকারি ব্যবস্থাপনায় নিলামে তোলা হবে।
সোমবার দুপুরে সরেজমিনে তিতাস নদীর পাড় এলাকায় গিয়ে দেখা যায়, ভেকু দিয়ে অবৈধভাবে ফেলে রাখা বালু সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে নির্ধারিত সময়সীমার শেষ দিনে এসে বালু অপসারণ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের দেওয়া ১৫ দিনের সময়সীমার মধ্যে কেন বালু সম্পূর্ণ অপসারণ করা হলো না? নির্ধারিত সময় শেষ হওয়ার দিনেই কেন অপসারণের কাজ শুরু করতে হলো? সময়মতো বালু অপসারণ না হওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরবর্তী পরিবেশের ওপর এর কোনো প্রভাব পড়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।
এদিকে, শেষ পর্যন্ত নদীর পাড়ে ফেলা সব বালু অপসারণ করা হবে কি না এবং অপসারণের পর তিতাস নদীর স্বাভাবিক প্রবাহ ও পাড়ের অবস্থা কতটা পুনরুদ্ধার হবে—এ নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
নদী দখল ও অবৈধ ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে তিতাস নদীর স্বাভাবিক প্রবাহ ও নদীর জায়গা রক্ষায় অবৈধ বালু অপসারণের কাজ সম্পূর্ণ করা এবং পরবর্তী সময়ে যেন আবার নদী ভরাট বা দখলের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু বালু অপসারণেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে তিতাস নদীর সীমানা ও স্বাভাবিক প্রবাহ সুরক্ষায় প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত থাকবে।