আল আমিন, ঝিনাইগাতী (শেরপুর):
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পূর্বপাড়ায় বনগাঁও পূর্বপাড়া নূরানী ও হাফিজিয়া (এতিমখানা) মাদ্রাসার উদ্যোগে ১৮তম বার্ষিক ইসলামী সম্মেলন আজ শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে সভাপতিত্ব করছেন মাদ্রাসার সভাপতি আলহাজ মো. মোশারফ হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের।
বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত রয়েছেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা এবং উপজেলা বিএনপির নেতা মো. লুৎফর রহমান।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কোবায়দুল্লাহ সিদ্দিকীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামি বক্তারা।
আয়োজকরা জানান, ধর্মীয় শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও কোরআনের আলোকে জীবন গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।