মো:রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাড়বকুণ্ডের কাকলী ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে উত্তরবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোগবুলার জুট রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। সেখানে বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সভাপতি নুরনবী সাইফুলের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, জেলা যুবদলের সহসভাপতি লোকমান হোসেন রাকিব, সীতাকুণ্ড উপজেলা যুবদলের সভাপতি সাহাবুদ্দিন রাজু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইলিয়াছ, সাবেক যুবদল নেতা মো. সেলিম রানা ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক।
এ ছাড়া বক্তব্য দেন যুবদল নেতা মো. মামুন হোসেন, আকবর হোসেন জসিম, বিএনপি নেতা রেজাউল করিম খোকন, খোরশেদ আলম, নূরুল আলম, সাইফুদ্দিন, নাছির উদ্দিন, আব্দুল মজিদ, ইসমাইল হোসেন, আব্দুল সালাম বাহার, মেজবাউল আলম, বেলাল উদ্দিন, মো. কামাল, আবসার, মো. আলিম, নুর উদ্দিন, মো. মিজান ও মো. ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হামলার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। কোনো অপশক্তিকে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।
তাঁরা আরও বলেন, অতীতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক নেতাকর্মী বাড়িঘরে থাকতে পারেননি। তবে তাঁরা প্রতিপক্ষকে সেই পরিস্থিতির মুখোমুখি করতে চান না। সবাইকে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ দিতে চান। কিন্তু সীতাকুণ্ডে কেউ অশান্তি সৃষ্টি কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
বক্তারা বলেন, তাঁরা এলাকায় শান্তি ও স্থিতিশীলতা চান। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা বরদাশত করা হবে না।