পঞ্চগড়ে পেশাগত অধিকার ও বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন জেলার নিকাহ রেজিস্ট্রার (কাজী)রা।
সোমবার বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ পঞ্চগড়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে কাজীরা তাঁদের পেশাগত কার্যক্রম পরিচালনায় বিদ্যমান নানা সমস্যা তুলে ধরে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে নিকাহ রেজিস্ট্রারদের নির্ধারিত এলাকার এখতিয়ার সুরক্ষা, বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ, ডিজিটাল সীমানা নির্ধারণ, বিবাহ নিবন্ধনের কমিশন বৃদ্ধি, নির্ধারিত বেতন বা সম্মানী চালু, পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অফিস-সুবিধা প্রদান।
এ ছাড়া ভুয়া কাজীদের কার্যক্রম বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনিক সহযোগিতা এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিও তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এআরএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলা সভাপতি আরাফাত ইদ্রিস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা।
কাজীরা জানান, তাঁদের উত্থাপিত ১০ দফা দাবি বাস্তবায়ন করা হলে পেশাগত দায়িত্ব পালন আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে। তাঁরা দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।