মোঃনাসির উদ্দিন , বিশেষ প্রতিনিধিঃ, পটুয়াখালী।
পটুয়ালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াভাগী ও বলইবুনিয়া গ্রামের প্রায় ১৭ একর জমি নিয়ে দীর্ঘ ৫৬ বছর ধরে
মামলা-মোকদ্দমা চলছে বলে অভিযোগ করেছেন ৬০ বছর বয়সী মোঃ ইব্রাহিম হাওলাদার। বাবা মরহুম কাসেম হাওলাদারের শুরু করা সেই আইনি লড়াই আজও বয়ে বেড়াচ্ছেন তিনি।
জীবনের মূল্যবান সময় আদালতের বারান্দায় কাটলেও মেলেনি বিরোধের স্থায়ী সমাধান।
ইব্রাহিমের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক চাষাবাদ করছেন। এমনকি প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেছেন তিনি। এতে নিজের জমি নিয়ে নিরাপত্তাহীনতা ও চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।
একটি জমির অধিকার ফিরে পাওয়ার আশায় বাবার শুরু করা লড়াই ৫৬ বছর ধরে চলছে। সময়ের সঙ্গে বয়স বেড়েছে, কিন্তু কমেনি দুশ্চিন্তা। শেষ বয়সে এসে ইব্রাহিমের একটাই আকুতি,জীবদ্দশায় যেন নিজের ন্যায্য অধিকার ফিরে পান।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন, ভূমি কর্তৃপক্ষ ও সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে বিরোধপূর্ণ জমির কাগজপত্র যাচাই, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
৫৬ বছরের এই জমি বিরোধের অবসান ঘটবে কবে? অসহায় ইব্রাহিম কি জীবনের শেষ প্রান্তে এসে ন্যায়বিচার পাবেন? এখন তাকিয়ে আছেন সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপের দিকে।
অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।