২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমীর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ইসহাক খন্দকার। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত জেলা আমীরকে শপথবাক্য পাঠ করান মাওলানা এ টি এম মাসুম।
কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসহাক খন্দকারকে নোয়াখালী জেলা জামায়াতের আমীর নির্বাচিত করা হয়। পরে প্রধান অতিথি মাওলানা এ টি এম মাসুম তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর নবনির্বাচিত জেলা আমীর ইসহাক খন্দকার স্বাগত বক্তব্য দেন। এরপর একই সেশনের জন্য জেলা মজলিসে শূরার নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ টি এম মাসুম সরকারের সমালোচনা করে বলেন, সরকার দেশ পরিচালনায় অযোগ্যতার পরিচয় দিচ্ছে। দেশে চাঁদাবাজি ও বেকারত্ব বেড়েছে। গুম, খুন ও ধর্ষণের ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং জনগণের মৌলিক চাহিদা পূরণেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও সরকার এখন তা অস্বীকার করছে বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নবনির্বাচিত জেলা আমীর এবং নতুন মজলিসে শূরা সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।