কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাঘাইছড়ির গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল সবুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাঘাইছড়ি পৌর যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বক্ষর সিদ্দিক মামুন এবং পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুক।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় এই অপতৎপরতা যেকোনো মূল্যে রুখে দেওয়া হবে। নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।