জসিম চৌধুরী, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে ১০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।
৮ নভেম্বর (রবিবার) দুপুরে উপজেলার প্রবেশপথ মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন:
১. মোঃ ইয়াছিন মিয়া (৩২), পিতা- মোঃ আঃ করিম
২. মোঃ রিয়াজ হোসেন (১৯), পিতা- মোঃ নুর ইসলাম
৩. মোঃ হানিফ মিয়া (৩৩), পিতা- মোঃ বাবুল মিয়া
সর্বসাং- হোসেনপুর, ৮নং ওয়ার্ড, ২নং কালাপাকুজ্জা ইউনিয়ন, থানা- লংগদু।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, _“মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অভিযান চলমান থাকবে। বর্তমান সমাজকে মাদকমুক্ত করতে নিজ নিজ এলাকার জনগণকেই পুলিশকে সহযোগিতা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে সচেতন মহলের দাবি, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করতে হবে। পাশাপাশি মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
স্থানীয়রা বলছেন, মডেল টাউনের মতো গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশের এই সফল অভিযান মাদক কারবারিদের জন্য কঠোর বার্তা। মাদকমুক্ত বাঘাইছড়ি গড়তে পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তা না হলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে।