বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, দেশ গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন আজও অত্যন্ত সময়োপযোগী। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে তাঁর আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতিকে ঐক্যবদ্ধ করা, স্বাধীনতার চেতনা ধারণ এবং জাতীয় সংহতির প্রতীক হিসেবে এ দিবসের গুরুত্ব অপরিসীম। ৭ নভেম্বরের বিপ্লব আমাদের অনুপ্রেরণা। এদিন সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিল। বর্তমান প্রেক্ষাপটেও এ দিনের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার এলকে সিদ্দিকী স্কয়ারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় পাহাড় ও সমুদ্রবেষ্টিত সীতাকুণ্ড তথা চট্টগ্রামের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। অচিরেই সীতাকুণ্ডের উন্নয়ন কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে দৃশ্যমান হবে, ইনশাআল্লাহ।
সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর ও সালামত উল্লাহ, পৌর বিএনপির সদস্যসচিব সালেহ আহমদ সলু, বিএনপি নেতা ইউসুফ নিজামী, দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, ফজলুল করিম চৌধুরী, মোজাহের উদ্দিন আশরাফ, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, অ্যাডভোকেট রৌশন আরা, নুরুদ্দিন মো. জাহাঙ্গীর চেয়ারম্যান, খ. ম. নাজিম উদ্দিন, খোরশেদ আলম মেম্বার, মো. ইদ্রিস, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান হিরু, অহিদুল আলম চৌধুরী শরীফ, আইনুল কামাল, বখতিয়ার উদ্দিন, সাজ্জাদ হোসেন রফিক, সেলিম উদ্দিন, মো. আলাউদ্দিন, মাসুদা বেগম, অসলেন্দু কনক, নূরুল আবছার ও গোলাম সাদেক।
এ ছাড়া ছাত্রদল নেতা মো. ইসমাইল ও কামরুল ইসলাম বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।