পঞ্চগড়ের বোদা উপজেলায় ভ্যান ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আয়নাল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার ১০ নম্বর পাঁচপীর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর কালীবাড়ী হারামজাদা ধামের তিন রাস্তার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আয়নাল একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিনাময়ী পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই এলাকায় একটি ভ্যানের সঙ্গে দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ভ্যানচালক মো. আয়নাল মৃত্যুবরণ করেন এবং ভ্যানে থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় এবং মালবাহী ট্রাকটির কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে দেওয়া হয়নি।
খবর পেয়ে ১০ নম্বর পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেছেন এবং ভ্যানের যাত্রী গুরুতর আহত হয়েছেন।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।