রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম। সফল উদ্যোক্তা সুবর্ণা রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম (মানিক)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল।
আলোচনা সভায় সফল উদ্যোক্তাদের মধ্যে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন শিক্ষক নিশাত রহমান, আরিফ ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, সহজ শর্তে ঋণ প্রদান এবং নতুন উদ্যোক্তা তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ বিতরণ করা হয়। এ ছাড়া তিনজন প্রশিক্ষিত যুবকের প্রত্যেককে ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকার যুবঋণের চেক প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে আটোয়ারীর যুব সমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।