প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়। পাহাড়ের সবুজ বনভূমি, আঁকাবাঁকা পথ, নির্মল বাতাস আর নৈসর্গিক পরিবেশে গড়ে উঠেছে জেলার অন্যতম পর্যটন আকর্ষণ গজনী অবকাশ কেন্দ্র। আর এই পর্যটনকেন্দ্রের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে ‘গারো মা ভিলেজ’।
গারো জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, ঐতিহ্য ও নিজস্ব পরিচয় তুলে ধরার একটি আকর্ষণীয় উদ্যোগ হতে পারে এই ভিলেজ। এখানে এসে পর্যটকেরা শুধু পাহাড়ের সৌন্দর্য উপভোগই নয়, বরং গারো সম্প্রদায়ের জীবনযাপন, সামাজিক রীতিনীতি, ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পান।
গারো জনগোষ্ঠী বাংলাদেশের একটি প্রাচীন ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, উৎসব, ঐতিহ্য ও স্বতন্ত্র সামাজিক জীবনব্যবস্থা। বিশেষ করে ওয়ানগালা উৎসব, ঐতিহ্যবাহী পোশাক, নৃত্য ও সংগীত তাদের সংস্কৃতিকে করেছে বৈচিত্র্যময়।
গারো মা ভিলেজকে কেন্দ্র করে স্থানীয় পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিরও সম্ভাবনা রয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের কাছে গজনী অবকাশ কেন্দ্র এমনিতেই আকর্ষণীয়। এর সঙ্গে গারো মা ভিলেজ যুক্ত হওয়ায় পাহাড়ি প্রকৃতি ও আদিবাসী সংস্কৃতির সমন্বয়ে পর্যটন অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রকৃতির সৌন্দর্য দেখতে মানুষ পাহাড়ে যায়, কিন্তু সংস্কৃতির সৌন্দর্য মানুষকে একটি জনগোষ্ঠীর ইতিহাস ও শিকড়ের কাছে নিয়ে যায়। গারো মা ভিলেজ সেই সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার একটি সম্ভাবনাময় উদ্যোগ।
গজনীর পাহাড় বেঁচে থাকুক প্রকৃতির সৌন্দর্যে, আর গারো জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য বেঁচে থাকুক আগামী প্রজন্মের হৃদয়ে—এমন প্রত্যাশা স্থানীয় প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের।