রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।
১৮ই অক্টোবর (রবিবার) সন্ধ্যায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য জনাব বিল্টু চাকমা, বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ নুর আলম, দুরছড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি নিয়ে মন্দির কমিটির সাথে কথা বলেন অতিথিরা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাঘাইছড়িতে আমরা সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি।
জেলা পরিষদ সদস্য বিল্টু চাকমা বলেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, দুর্গাপূজা তার অন্যতম উদাহরণ। এই উৎসব আমাদের মাঝে সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। পূজা উদযাপনে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য আমরা সকলে সজাগ আছি।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠুভাবে পূজার সকল কার্যক্রম চলছে।
দুরছড়ি বাজারের এই মন্দিরে প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নিয়েছেন ভক্তরা।