৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শিশু-কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানোর লক্ষ্যে মানিকগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সমন্বিত সরকারি অফিস ভবনের দ্বিতীয় তলার হলরুমে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় ইসলামী সংস্কৃতিবিষয়ক বিভিন্ন বিষয়ে ৪৫০ জন শিশু-কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আয়োজকেরা জানান, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে ধর্মীয় অনুশাসন, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। একই সঙ্গে ইসলামী সংস্কৃতি ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।