মহসিন.
বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার অভিযোগ তুলে ১১-দলীয় জোটের সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ভোট নিয়ে এখন বিরোধী দলের আসনে বসে জোটটি দায়িত্বহীন আচরণ করছে। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নির্বাচনী এলাকার দুর্গাপূজামণ্ডপগুলোর মধ্যে আর্থিক অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস। এ অবস্থায় বিরোধী দলের পক্ষ থেকে এক দফা দাবির কথা বলা হাস্যকর। দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় নিয়ে বিরোধী দলকে সরকারকে সহযোগিতা করা উচিত।
হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্প্রীতি ও সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের অতি আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে বলেও উল্লেখ করেন তিনি।
মীর শাহে আলমের দাবি, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি সমর্থন দিয়ে তাঁদের অবস্থান তুলে ধরেছেন। বিএনপিও প্রমাণ করেছে, তারা এ দেশের মানুষের আপনজন।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সারা দেশে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের জন্য সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাঁদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
একসময় একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের রাজনৈতিক সম্পদ মনে করত বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করেছেন, তাঁরা কোনো রাজনৈতিক দলের দাসত্ব করেন না। অন্য নাগরিকদের মতো তাঁরাও স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখেন।
মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে আত্মার আত্মীয় হিসেবে থাকতে চান তাঁরা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর নিজস্ব তহবিল থেকে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি দুর্গাপূজামণ্ডপে নগদ অর্থ অনুদান দেন। পরে শিবগঞ্জ পৌর এলাকার উথলীতে হিন্দু সম্প্রদায়ের নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক ও সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।
এ ছাড়া পৌর বিএনপি নেতা বুলবুল ইসলাম ও আব্দুল করিম, যুবদল নেতা খালিদ হাসান আরমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।