সিলেট-তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: তাজুল ইসলাম। ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত উমনপুর/ছৈয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা যায়, সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল উমনপুর মোড়ে একটি প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক মো: তাজুল ইসলাম গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ইবনে সিনা হাসপাতালে টানা ১৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি ইন্তেকাল করেন।
শিক্ষক মো: তাজুল ইসলামের মৃত্যুতে তার কর্মস্থল হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় এবং নিজ এলাকা জৈন্তাপুরে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।